শামা ওবায়েদের হাতে ফুল তুলে বিএনপিতে যোগ দিলেন পাঁচ আওয়ামী লীগ নেতা
- আপডেট সময় : ০৭:০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী পাঁচ নেতা।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলা মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তারা এই যোগদান করেন।
এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণার পর বিএনপিতে যোগদানের ঘোষণা দেওয়া হয়।
বিএনপিতে যোগদান করা নেতাদের মধ্যে রয়েছেন, মাঝারদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফসার উদ্দিন মাতুব্বর, সহসভাপতি মো. এসকেন মাতুব্বর, ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ফরিদ মোল্যা, ২ নম্বর ওয়ার্ড সহসভাপতি ইসহাক মাতুব্বর এবং উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. বছির মাতুব্বর। তাদের সঙ্গে সহস্রাধিক আ.লীগ কর্মীও বিএনপিতে যোগদান করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. বছির মাতুব্বর। তিনি বলেন, ‘আমরা সকল পদপদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি এবং এখন থেকে বিএনপি নেত্রীর শামা ওবায়েদের সঙ্গে এলাকার উন্নয়নের জন্য কাজ করব।’
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, বিএনপি নেতা শাহিদুজ্জামান সাহিদ, হাবিবুর রহমান লাবলু, আনোয়ার হোসেন মিয়া, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ ও মো. ইমরান হোসেন প্রমুখ।


























