সুন্দরগঞ্জে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেট সময় : ১০:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে ডা. আজগর আলী প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড মাদরাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিতে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক তানজিলা মারুফা।
বিশিষ্ট শিক্ষানুরাগী মো. নুরুজ্জামান ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম মঞ্জু ও সেক্রেটারি মো. সামিউল ইসলাম।
মাহদী হাসান মাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামজীবন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আশেক আলী বিএসসি, ইউনিয়ন জামায়াতের আমির মো. মাশরাফুল ইসলাম মানিক, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হাই প্রফেসর, বাজারপাড়া কে. কে. কাশদহ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. মোজাফফর হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. রুবেল মিয়া।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য এবং সন্তানদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠাই প্রকৃত শিক্ষা। এ জন্য শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, নিয়মিত পাঠদান ও অভিভাবকদের সচেতনতা জরুরি। তাঁরা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা ও প্রতিভা বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।























