পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
- আপডেট সময় : ০৬:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

”করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি, ফিতা কাটা ও বেলুন উড্ডয়ন করা হয়। এ ছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী এক উদ্যোক্তা প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।
পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন পিরোজপুর সদর উপজেলা সমবায় অফিসার মোঃ অহিদুজ্জামান খান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ। তিনি তার বক্তব্যে বলেন, সমবায় এমন একটি মাধ্যম যা সম্মিলিতভাবে আর্থসামাজিক উন্নয়নের পথ তৈরি করে দেয়। তিনি আরও জানান, পিরোজপুর জেলায় কেন্দ্রীয় ও প্রাথমিক মিলে মোট ১২৫০টি সমবায় সমিতি রয়েছে, যেখানে সদস্য ও উপকারভোগীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজারের অধিক এবং সমবায়ীদের সংগৃহীত মূলধন ২৫০ কোটি টাকা। এ ছাড়া সমবায় সমিতিগুলো তাদের নিট লাভের ১০ শতাংশ সরকারের কোষাগারে রাজস্ব হিসেবে প্রদান করছে।
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেন, “সমবায় ভিত্তিক সমাজ ও অর্থনীতি গড়ে তোলার মাধ্যমেই দেশের প্রকৃত ও টেকসই উন্নয়ন সম্ভব। বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সমবায় সমিতিসমূহকে আরও আধুনিক, কার্যকর ও স্বচ্ছ করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে নতুন আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, “সমবায় শুধু একটি অর্থনৈতিক কার্যক্রম নয়, এটি আমাদের পারস্পরিক সহযোগিতা, সচেতনতা ও ঐক্যের প্রতীক। পিরোজপুরের সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ একসাথে কাজ করে যাচ্ছে। সমবায় কার্যক্রমে সঠিক শৃঙ্খলা ও নিয়মকানুন বজায় রাখলে এর সুফল জেলার প্রতিটি প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।”



















