অগ্নিকাণ্ডে পুঁজি হারানো ব্যবসায়ীর পাশে রব্বানী, দিলেন ২ লাখ টাকা
- আপডেট সময় : ০৮:২৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়েছে দোকান ও গোডাউনের মালামাল, হারিয়েছেন দীর্ঘদিনের পুঁজি। এমন কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মিজানুর রহমানের পাশে দাঁড়িয়েছেন এম জি রব্বানী সরকার। তার হাতে নগদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাসানগঞ্জ বাজারে এ সহায়তা প্রদান করা হয়। এম জি রব্বানী সরকার হাসানগঞ্জ বাজার সমিতির নবনির্বাচিত সভাপতি এবং হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মরহুম আবু হাসান সরকারের নাতি।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম আবু হাসান সরকারের ছেলে মো. আলম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জামান, ব্যবসায়ী মিলন সরকার, মো. শফিয়াল শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বাজারের ব্যবসায়ীরা।
সহায়তা প্রদানকালে এম জি রব্বানী সরকার বলেন, ‘হাসানগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। একজন ব্যবসায়ীর কাছে তার দোকান ও পুঁজি শুধু আয়ের উৎস নয়, এটি তার পরিবারের জীবিকা নির্বাহের অবলম্বন। এমন কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই মিজানুর রহমানকে সামর্থ্য অনুযায়ী ২ লাখ টাকা সহায়তা দিয়েছি। আমি চাই, বাজারের সব ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়ান। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াবেন, এটাই আমার প্রত্যাশা।’
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর মধ্যরাতে হাসানগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর দোকান ও দুটি গোডাউনের মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে মিজানুর রহমানের একটি মুদি দোকান ও দুটি গোডাউনের প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
দোকান ও গোডাউনের মালামাল হারিয়ে আর্থিক সংকটে পড়া মিজানুর রহমানের হাতে এমন দুঃসময়ে সহায়তার অর্থ তুলে দেওয়ার ঘটনাটি স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তাদের মতে, বিপদের দিনে এমন সহযোগিতা শুধু আর্থিক সহায়তা নয়, বরং নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহসও জোগাবে।




















