বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
- আপডেট সময় : ১১:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের যুগ্ম পরিচালক মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী উম্মে হাসান ডলির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের শেয়ার, সঞ্চয়পত্রসহ অন্য সব আর্থিক হিসাবের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। আজ বুধবার সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানে চিঠি দিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে।
.
বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, মোশাররফ হোসেন এবং তাঁর স্ত্রী উম্মে হাসান ডলির হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে। মানি লন্ডারিং আইনে এ তথ্য দিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মোশাররফ হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের উচ্চপর্যায়ে অপেশাদার আচরণের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এর মধ্যে দুটি ঘটনা তদন্তাধীন। প্রথম ঘটনা গত ২৬ ফেব্রুয়ারির; নতুন গভর্নর নিয়োগের দিন। ওই দিন মানবসম্পদ বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর কবির আহম্মদ ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামকে জোরপূর্বক কিছু আদেশে সই করতে বাধ্য করেন মোশাররফের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকে তদন্ত চলছে।
.
তাঁর বিরুদ্ধে অভিযোগের দ্বিতীয় ঘটনাটি ছিল তদবিরের। আওয়ামী লীগ নেতা ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালের বিরুদ্ধে বিএফআইইউ যেন কোনো ব্যবস্থা না নেয়, সে জন্য একজন নির্বাহী পরিচালকের কাছে তদবির নিয়ে যান তিনি। এ ক্ষেত্রে বিএনপির এক কেন্দ্রীয় নেতার রেফারেন্স দেন। এ ঘটনায় বিএফআইইউ থেকে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগে মোশাররফ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়।























