ঢাকা দক্ষিণ সিটিতে কাউকে দলীয় প্রার্থী ঘোষণা দিইনি: মীর শাহে আলম
- আপডেট সময় : ০৫:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কাউকে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা দেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রোববার দুপুর ১২টায় বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ঢাকা দক্ষিণ সিটির বর্তমান প্রশাসক আবদুস সালাম মেয়র পদে প্রার্থী হবেন—সম্প্রতি একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
.
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত সোমবার রাজধানীর দয়াগঞ্জে ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করতে গিয়েছিলাম। বিভিন্ন গণমাধ্যমে সেখানে দেওয়া বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে।
.
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। তবে দল শুধু সমর্থন দেবে। মেয়রের ক্ষেত্রে দলীয়ভাবে সিদ্ধান্ত হবে কাকে সমর্থন দেওয়া হবে। ঢাকা দক্ষিণে আমি কাউকে সমর্থন দিইনি ও দল–সমর্থিত প্রার্থীর কথাও বলিনি।
—মীর শাহে আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
.
মীর শাহে আলম বলেন, ‘সিটি করপোরেশনে দলীয় প্রার্থী কে হবেন, তা আমি বলিনি। আমার পুরো বক্তব্য প্রচার হয়নি। সেখানে বর্তমান প্রশাসক আবদুস সালাম এবং কাউন্সিলর হাজি মকবুল টিপু উপস্থিত ছিলেন। সেখানে বলেছি, সালাম সাহেব যদি মেয়র প্রার্থী এবং কাউন্সিলর পদে যদি টিপু সাহেব প্রার্থী হন, তবে তাঁদের আপনারা সমর্থন করবেন।’
.
কাউকে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করেননি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন আইন অনুযায়ী বিএনপির প্রার্থী ঘোষণা করার সুযোগ নেই। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। তবে দল শুধু সমর্থন দেবে। মেয়রের ক্ষেত্রে দলীয়ভাবে সিদ্ধান্ত হবে কাকে সমর্থন দেওয়া হবে। ঢাকা দক্ষিণে আমি কাউকে সমর্থন দিইনি ও দল–সমর্থিত প্রার্থীর কথাও বলিনি।’
.
প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ১০২টি বিদ্যালয়ের ৫৪৮ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যশিবির, চক্ষু চিকিৎসা কার্যক্রমসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর মধ্যে আজ বাইসাইকেল বিতরণ করা হলো।






















