শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা নয়ন
- আপডেট সময় : ০৯:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নসহ দেশ-বিদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. শাহজাহান কিবরিয়া নয়ন।
শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শরতের নির্মল আকাশ, শুভ্র কাশফুল আর উৎসবের আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব মানুষের মধ্যে নতুন আশা ও কল্যাণের বার্তা নিয়ে আসে। এ উৎসবের মূল শিক্ষা হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও ন্যায়ের প্রতিষ্ঠা।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করেন। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের পাশাপাশি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ। এ উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।
নয়ন বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। প্রত্যেক মানুষ যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে, নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে।’
তিনি আরও বলেন, উৎসবের আনন্দ সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যেও ছড়িয়ে দিতে হবে। পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সবার কল্যাণে কাজ করতে হবে।
মো. শাহজাহান কিবরিয়া নয়ন তারাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গাইবান্ধা জেলা বিএনপির সদস্য। এ ছাড়া তিনি ইমামগঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদরাসার সভাপতির দায়িত্ব পালন করছেন।
শুভেচ্ছাবার্তায় নয়ন শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারাপুর ইউনিয়নসহ দেশের সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হওয়ার প্রত্যাশা জানান।


























