শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন জয়ন্ত কুমার দাস
- আপডেট সময় : ০৯:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাসহ দেশ-বিদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি এ অভিনন্দন জানান।
শুভেচ্ছাবার্তায় জয়ন্ত কুমার দাস বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। শরতের নির্মল আকাশ, শুভ্র কাশফুল আর উৎসবের আনন্দঘন পরিবেশে দেবী দুর্গার আগমন মানুষের মনে নতুন আশা ও কল্যাণের প্রত্যয় জাগিয়ে তোলে। দুর্গোৎসবের মূল শিক্ষা হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও ন্যায়ের প্রতিষ্ঠা।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছেন। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ। এ উৎসব সবার মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করে।
জয়ন্ত কুমার দাস বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। প্রত্যেক মানুষ যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে, নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে পালন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে।’
তিনি বলেন, উৎসবের আনন্দ সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যেও ছড়িয়ে দিতে হবে। সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে কাজ করাই হোক সবার অঙ্গীকার।
শুভেচ্ছাবার্তায় জয়ন্ত কুমার দাস শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলাসহ দেশের সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হোক, সেই প্রত্যাশা জানান।


























