প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান সুন্দরগঞ্জের আবু বকর, বলতে চান ত্যাগী নেতাকর্মীদের গল্প
- আপডেট সময় : ০৮:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার যুবক মো. আবু বকর সিদ্দিক (২৮)। তার লক্ষ্য, নিজের মনের কথা বলার পাশাপাশি সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের সংগ্রাম, ত্যাগ ও অবদানের গল্প সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা। এ স্বপ্ন পূরণে ঢাকায় গিয়ে তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন আবু বকর।
আবু বকর সিদ্দিক সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পূর্ব রামজীবন গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে। তিনি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গাইবান্ধা জেলা নবীন দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং বর্তমানে রামজীবন ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহের কথা জানিয়ে আবু বকর সিদ্দিক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমি যেভাবেই হোক দেখা করতে চাই। তার সামনে নিজের মনের কথা ও দল নিয়ে আমার ভাবনা তুলে ধরতে চাই। বিশেষ করে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির ত্যাগী নেতাকর্মীরা দলের জন্য যেসব ত্যাগ স্বীকার করেছেন, তাদের সংগ্রাম ও অবদানের গল্প শোনাতে চাই।’
নিজের আকাঙ্ক্ষার গভীরতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘মৃত্যুর এক সেকেন্ড আগে হলেও আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে চাই। আমি চাই, তিনি তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের কথা জানুন। তাদের অবদান ও প্রত্যাশার কথাগুলো সরাসরি তার কাছে তুলে ধরতে চাই।’
আবু বকরের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলে সুন্দরগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ, সংগ্রাম ও অবদানের কথা তুলে ধরতে পারবেন। দলের জন্য নিবেদিত নেতাকর্মীদের অবদান ও প্রত্যাশা শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার আকাঙ্ক্ষা থেকেই তার এই উদ্যোগ।























