পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:৩৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
মিছিলে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আজম সরকার, সদস্যসচিব মো. মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব আলম জামান মিন্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, মো. রেজাউল করিম ও শান্তিরাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মিয়া।
এ ছাড়া আশিকুর রহমান, নাজমুল হুদা, সাজু মিয়া, হারুন মিয়া, সবুজ মিয়া, জাহিদ ইসলাম, তাজুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

























