গাইবান্ধায় ১৩৭ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলায় ১৩৭ পিস ইয়াবাসহ জয়নব বিবি (৫৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতার জয়নব বিবি দিনাজপুরের হাকিমপুর থানার বৈগ্রাম গ্রামের মৃত জামালের মেয়ে ও মৃত নুরুল ইসলামের স্ত্রী। তিনি বোয়ালদার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এসআরবি-১৩ জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজার সংলগ্ন মিঞা ম্যানশন মার্কেটের পশ্চিম পাশের কাঁচা রাস্তায় অভিযান চালায় এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় নারী সদস্য দিয়ে জয়নব বিবির দেহ তল্লাশি করে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘এঘটনায় জয়নব বিবির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। জব্দ ইয়াবা ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।’

























