কালভার্টের নিচে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন জব্দ
- আপডেট সময় : ০৫:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এসআরবি জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের শিবপুর সড়কে অভিযান চালায়। এ সময় সারের গোডাউনের পাশে সড়কের একটি কালভার্টের নিচে সাদা রঙের প্লাস্টিকের কাটা বস্তার ভেতরে লাল রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় লোহার তৈরি একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।
এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘অস্ত্র ও গোলাবারুদগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।’

























