পিরোজপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে শহরের সিও অফিস মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারসংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে পথসভায় মিলিত হয়।
পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব ও আসন্ন পৌরসভা নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থী মইনুল আহসান মুন্নার সমন্বয়ে আয়োজিত কর্মসূচিতে শতাধিক নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যখন নিজেদের দায়িত্ব উপলব্ধি করে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, তখনই পরিবর্তন সম্ভব হয়েছিল।
পিরোজপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, শুধু বক্তৃতা বা রাজনৈতিক কর্মসূচি দিয়ে পরিবর্তন আসবে না; জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরও সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা রয়েছে এবং অতীতে সেই দায়বদ্ধতার প্রকাশই পরিবর্তনের পথ তৈরি করেছে।
সংসদে এনসিপির ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের সমর্থন অব্যাহত থাকলে ভবিষ্যতে দলটির প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। তিনি জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে গণমুখী রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম আদিব এবং ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনে এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. শামীম হামিদী, জেলা শাখার আহ্বায়ক হুমায়ুন কবির এবং সদস্য সচিব মইনুল আহসান মুন্নাসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
কর্মসূচিতে পিরোজপুর পৌরসভা ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বক্তারা স্থানীয় নাগরিক সমস্যা সমাধান, দুর্নীতি প্রতিরোধ এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি আসন্ন পৌরসভা নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন।

















