বালুবাহী ট্রাকের ধাক্কায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত
- আপডেট সময় : ০৭:২১:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমার উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত একটি মিথিলা ভ্যান দুমড়ে-মুচড়ে গিয়ে ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তান রয়েছেন। এছাড়া আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১২ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি মিথিলা ভ্যানকে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক সজোরে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ চারজনের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন, নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও মিথিলা ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই শিশু সন্তান পিতোসা (৮) ও যাদব (৪)।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। আহত দুইজনকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



















