চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কলেজ ছাত্রী নিহত
- আপডেট সময় : ১১:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮টা ৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ইম্পেরিয়াল স্লিপার কোচ এবং চট্টগ্রামমুখী পূরবী এক্সপ্রেস বাসের মধ্যে চুনতি বাজার সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় দুই বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচির সৃষ্টি হয়।
দুর্ঘটনায় এক কলেজছাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছাত্রী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা এবং একটি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে সংবাদ লেখা পর্যন্ত তার পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করে দোহাজারী হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ইম্পেরিয়াল স্লিপার কোচটি তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হলেও পূরবী এক্সপ্রেস বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসটির ফ্রন্ট গ্লাস, চালকের পাশের গ্লাস এবং সাইডের একাধিক জানালার কাচ ভেঙে যায়। দুর্ঘটনার ভয়াবহতায় ঘটনাস্থলে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অনেক যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে কঠোর নজরদারি বৃদ্ধি এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
দোহাজারী হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এক সম্ভাবনাময় শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে।




















