বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- আপডেট সময় : ১২:০০:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিফু আহমেদ আসিফ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (১৩ জুন) ভোররাত প্রায় ৩টার দিকে রায়গঞ্জ-পাঙ্গাসী সড়কের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আসিফ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি রায়গঞ্জ সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার পর ভোররাতে মোটরসাইকেল নিয়ে বের হন আসিফ। একপর্যায়ে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আসিফের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার স্মৃতিচারণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের উচ্ছ্বাসমুখর এক রাতে সড়ক দুর্ঘটনায় এক সম্ভাবনাময় তরুণের জীবনাবসান হওয়ায় নিশ্চিন্তপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।




















