সুন্দরগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মোশারফ হোসেন
- আপডেট সময় : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামজীবন ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মো. মোশারফ হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান কোরবানির আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায়, ধৈর্য ও আত্মত্যাগের শিক্ষা দেয়।’
তিনি বলেন, ‘ঈদুল আজহার প্রকৃত শিক্ষা শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরের অহংকার, হিংসা, লোভ ও অন্যায়ের প্রবণতাকে ত্যাগ করার মধ্যেই এর মূল তাৎপর্য নিহিত। এই শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়িত হলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।’
মো. মোশারফ হোসেন আরও বলেন, ‘ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, সুবিধাভোগী-সুবিধাবঞ্চিত সবাই সেই আনন্দে অংশ নিতে পারে। তাই আসুন, আমরা ঈদের এই আনন্দ অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিই। মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে।’
তিনি বলেন, ‘বর্তমান সমাজে ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও পারস্পরিক সহমর্মিতা আরও বেশি প্রয়োজন। ঈদুল আজহার শিক্ষা আমাদেরকে হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে ঐক্য, সৌহার্দ্য ও মানবিকতার পথে চলতে উদ্বুদ্ধ করে। একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে সংগঠন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক ও নৈতিক সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই।’
পরিশেষে মো. মোশারফ হোসেন রামজীবন ইউনিয়নবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে জানান আন্তরিক ‘ঈদ মোবারক’।




















