সুন্দরগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ
- আপডেট সময় : ০৭:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ।
বুধবার (২৭ মে) এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায় ও আত্মত্যাগের পথে চলার অনুপ্রেরণা জোগায়।’
তিনি বলেন, ‘ঈদুল আজহার মূল শিক্ষা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার মানসিকতা গড়ে তোলা। কোরবানির মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি, ধৈর্য ও মানবিকতার শিক্ষা লাভ করে। এই উৎসব ধনী-গরিবের ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।’
মো. বাবুল আহমেদ আরও বলেন, ‘ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফুটে। তাই আসুন, আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই এবং মানবতার কল্যাণে একে অপরের পাশে দাঁড়াই।’
তিনি আরও বলেন, ‘সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদুল আজহার শিক্ষা আমাদের হিংসা-বিদ্বেষ ভুলে মানবিকতা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।’
পরিশেষে তিনি সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে জানান আন্তরিক ‘ঈদ মোবারক’।




















