গোবিন্দগঞ্জে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, অবরুদ্ধ ৭ পরিবার
- আপডেট সময় : ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জনসাধারণের চলাচলের রাস্তা জিআই তারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মোঃ আমজাদ হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৬নং দরবস্ত ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন অভিযোগ করেন, একই এলাকার মোঃ মিজানুর রহমান (মিজু), আলহাজ মজনু মিয়া, মোঃ শামীম মিয়া ও মোঃ সেলিম মিয়াসহ অভিযুক্তরা তাদের ক্রয়কৃত জমির পাশ দিয়ে নির্মিত জনসাধারণের চলাচলের রাস্তার মুখে জিআই তারের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে উভয় পক্ষের জমির মধ্য ও পাশ দিয়ে দীর্ঘ প্রায় ৭০ বছর ধরে একটি চলাচলের রাস্তা ব্যবহার হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি অভিযুক্তরা রাস্তার মুখ বন্ধ করে দিলে এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

এ ঘটনায় অন্তত ৭টি পরিবার অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগে দাবি করা হয়েছে। পরিবারের সদস্যরা হাটবাজারে যেতে পারছেন না, জরুরি প্রয়োজনে বের হতে পারছেন না এবং শিশুদের স্কুলে যেতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা ভাড়াটিয়া লোকজন নিয়ে লাঠিসোটা হাতে ভয়ভীতি প্রদর্শন ও চলাচলে বাধা প্রদান করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন চক্রবর্তী বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

























