লোহাগাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১১:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে পানিতে ডুবে জান্নাতুল আরিফ আলিফা (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের সময় উপজেলার চরম্বা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজবিলা দক্ষিণ পাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত আলিফা ওই এলাকার প্রবাসী আরিফ উদ্দিনের কন্যা। সে স্থানীয় মাইজবিলা রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে আলিফা বাড়ির পার্শ্ববর্তী এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাড়িতে ফেরার পথে পাশের একটি পুকুরের ঘাটে পা ধোয়ার জন্য নামলে অসাবধানতাবশত পিছলে পানিতে পড়ে যায়। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, আছরের নামাজের জন্য ওজু করতে গিয়ে তার ছেলে পুকুরে শিশুটিকে ডোবা অবস্থায় দেখতে পায়। পরে দ্রুত পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম বলেন, “আলিফা নামে ৯ বছর বয়সী এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই নিহত শিশুটির বাড়িতে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন

























