উলিপুরে মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে অপহরণের অভিযোগ
- আপডেট সময় : ০৭:০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে মোস্তফা মিয়া (২৫) নামের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটে গত ৬ এপ্রিল উপজেলার হাতিয়া ইউনিয়নের চরগুজিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদের একটি শাখায়। এ ঘটনায় গত ৯ এপ্রিল উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোস্তফার বাবা রফিকুল ইসলাম।
অভিযোগে বলা হয়, চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মজারটারি মাঝিপাড়া এলাকার দুখিত চন্দ্র বর্মন (৫৫), রনজিত চন্দ্র বর্মন (৩৮), দিলীপ চন্দ্র বর্মন (৩৫), বিস্কর চন্দ্র বর্মন (২২), সুবোধ চন্দ্র বর্মন (২২), সোহাগ মিয়া (২২)সহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে মোস্তফা মিয়া মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তিনি ব্রহ্মপুত্র নদের শাখা নদীতে ডিঙি নৌকায় মাছ ধরার সময় পূর্বপরিকল্পিতভাবে একটি দল নৌকাযোগে এসে তাকে অপহরণ করে নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, অপহরণকারীরা লাঠি, রড ও নৌকার বৈঠাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। তারা মোস্তফা মিয়াকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তুলে নেয়। ঘটনার সময় তিনি মোবাইল ফোনে ভাতিজা আলমঙ্গীর হোসেনকে বিষয়টি জানান।
ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান মেলেনি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। যেহেতু ঘটনাটি ব্রহ্মপুত্র নদের এলাকায়, তাই তদন্তের দায়িত্ব নৌ পুলিশ গ্রহণ করেছে।
চিলমারী নৌ থানার আইসি গোলাম মওলা জানান, মামলার এক নম্বর আসামি দুখিত চন্দ্র বর্মনকে গ্রেফতার করা হয়েছে এবং তিন দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

























