চুনারুঘাটে উদ্ধার হওয়া বিরল লজ্জাবতী বানর সাতছড়ি উদ্যানে অবমুক্ত
- আপডেট সময় : ০২:৫৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাটে উদ্ধার হওয়া বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৪ মে) উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের পূর্ব চাঁন্দপুর এলাকার অরুণ বিশ্বাসের বাড়ি থেকে পূর্ণবয়স্ক একটি পুরুষ লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। পরে বানরটি সুস্থ থাকায় সন্ধ্যায় সাতছড়ি বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গালিব চৌধুরী জানান, লজ্জাবতী বানর বাংলাদেশে খুবই বিরল। এটি দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং সাধারণত চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি বনে দেখা যায়। তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের প্রাণী হত্যা বা নিধন আইনত দণ্ডনীয় অপরাধ।
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান জানান, লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম ‘Nycticebus bengalensis’। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর লাল তালিকায় এ প্রাণীকে ‘বিপন্ন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ প্রজাতিটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। নিশাচর এ প্রাণী সাধারণত চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনাঞ্চলে বিচরণ করে।
চুনারুঘাট বন্যপ্রাণী ও জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী আব্দুল জাহির মিয়া বলেন, লজ্জাবতী বানর পরিবেশ ও জীববৈচিত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মূলত রাতে সক্রিয় থাকে, আর দিনের বেলায় গাছের মগডালে নিশ্চুপ অবস্থায় বসে থাকে।

























