পিরোজপুরে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ক্রীড়া আসর
- আপডেট সময় : ১১:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

পিরোজপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা পর্যায়ের বৃহৎ ক্রীড়া আসর ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার (২ মে) পিরোজপুর জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
এর আগে এদিন বিকেল ৫টা ০৮ মিনিটে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এই মেগা ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। ভার্চুয়ালি পিরোজপুরসহ দেশের সকল জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর এই কেন্দ্রীয় উদ্বোধনী কর্মসূচি সরাসরি সম্প্রচার করা হয়।
প্রধানমন্ত্রী কর্তৃক কেন্দ্রীয় উদ্বোধনের পর পিরোজপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় প্রতিযোগিতার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর (এমপি)। উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ২০২৬ সালের যে নতুন কুঁড়ি স্পোর্টস-এর স্বপ্ন দেখেছেন, তা আজ বাস্তবে রূপ নিয়েছে। তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই”।
তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে প্রধানমন্ত্রী একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটির পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নে ১০ বিঘা আয়তনের খেলার মাঠ ও স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে, যেখানে প্রবীণদের জন্য হাঁটার পথ (ওয়াকওয়ে)-এর ব্যবস্থাও থাকবে।
জেলা প্রশাসনের আয়োজনে ও পিরোজপুর জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় শুরু হওয়া এই আসরে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করছে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল এবং জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও পিরোজপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




















