হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ
- আপডেট সময় : ০৭:৪২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের হিলিতে তেল সংগ্রহ করতে গিয়ে ভিড় ও তীব্র গরমে এক সাংবাদিকসহ তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) হিলি ফিলিং স্টেশনে তেল নিতে আসা মানুষের অতিরিক্ত চাপের মধ্যে হঠাৎ করেই দুইজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন।
একই সময় তেলের পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাছরাঙা টেলিভিশনের হিলি প্রতিনিধি হালিম আল রাজী অসুস্থ হয়ে পড়েন। তিনি ঘটনাস্থল থেকে ফুটেজ ও বক্তব্য সংগ্রহ করে অফিসে পাঠানোর পর লাইভে যাওয়ার প্রস্তুতির সময় অসুস্থ হয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে প্রচণ্ড রোদে অপেক্ষা, অতিরিক্ত ভিড় এবং গরমের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইফতেখার জাহান জানান, তীব্র গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ফলে মূলত ডিহাইড্রেশনের কারণেই এ ধরনের অসুস্থতা দেখা দিচ্ছে। বিশেষ করে অনেকেই খালি পেটে লাইনে দাঁড়িয়ে থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
তিনি পরামর্শ দিয়ে বলেন, গরমে বাইরে বের হওয়ার আগে হালকা খাবার খাওয়া উচিত। খালি পেটে দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সঙ্গে পর্যাপ্ত পানি রাখা এবং নিয়মিত পানি পান করা জরুরি। প্রয়োজনে চিড়া, মুড়ি বা বিস্কুটের মতো হালকা খাবার সঙ্গে রাখারও পরামর্শ দেন তিনি।






















