আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে: মিয়া গোলাম পরওয়ার
- আপডেট সময় : ০৭:৪৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একজন সদস্য (রুকন) হিসেবে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে।
শনিবার (১৮ এপ্রিল) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সদস্যদের দায়িত্বানুভূতি ও কর্তব্যনিষ্ঠা থাকতে হবে এবং নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা বজায় রেখে কাজ করতে হবে। তিনি বলেন, একজন রুকন হিসেবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দৃঢ়তা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুনিয়াবি চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা বা পদ-পদবি পাওয়ার জন্য নয়, বরং শপথের সঙ্গে জড়িত অঙ্গীকার হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং তা কেবল আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই হতে হবে।
তিনি আরও বলেন, ভালো কাজের জন্য কে স্বীকৃতি দিলো বা দিলো না—তা ভাবার সময় নেই। মূল বিষয় হলো নিরলসভাবে কাজ করে যাওয়া। সব সময় আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে এবং সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনের দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।
সম্মেলনে জেলার প্রায় পাঁচ শতাধিক রুকন অংশগ্রহণ করেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সংগঠনিক রিপোর্টিং সেশনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্মেলনটি অনুষ্ঠিত হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়।


















