পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
- আপডেট সময় : ১০:৩৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

রাজধানীর পোস্তগোলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পিংকি খাতুন (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিংকির ভাই মো. জাহিদ জানান, পিংকির স্বামীর নাম মো. রাজিব। তারা নারায়ণগঞ্জের ফতুল্লায় বসবাস করতেন। সেখান থেকে দুই সন্তানকে নিয়ে গেন্ডারিয়ায় ভাইয়ের বাসায় দাওয়াতে এসেছিলেন তিনি।
রাতে সেখান থেকে ফতুল্লায় ফেরার উদ্দেশ্যে অটোরিকশায় ওঠেন পিংকি। কিছুক্ষণ পর খবর আসে, পোস্তগোলা ব্রিজের নিচে অটোরিকশার চাকায় তার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগেছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহিদ আরও জানান, ঘটনার সময় পিংকির স্বামী তার সঙ্গে ছিলেন না। তবে তার সঙ্গে থাকা দুই সন্তান সুস্থ রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।























