আজ বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু
- আপডেট সময় : ১০:৫২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আজ (শুক্রবার)। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া গেছে। এ প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড শুক্রবার বেলা ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে, যা শনিবার বেলা ৩টা পর্যন্ত চলবে।
রিজভী জানান, মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
বিভাগভিত্তিক সূচি অনুযায়ী, শুক্রবার প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আর শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বিক্রি ও জমা কার্যক্রম গত শুক্রবার শুরু হয়ে টানা তিন দিন চলে। এতে প্রায় ৯০০টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিপুল সংখ্যক আগ্রহী প্রার্থীর কারণে দলীয় কার্যালয়ে বেশ প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা, ২২ ও ২৩ এপ্রিল বাছাই, ২৯ এপ্রিল প্রত্যাহারের শেষ সময় এবং ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বর্তমান আইন অনুযায়ী, জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের আনুপাতিক হারে বণ্টন করা হবে। এ হিসাবে বিএনপি জোট পেতে পারে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন।

























