শিবচরে পদ্মায় জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী ও নৌ-বহর, অংশ নিলেন শীর্ষ সাংবাদিক নেতারা
- আপডেট সময় : ০৭:১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে প্রমত্তা পদ্মা নদীর বুকে শিবচর সাংবাদিক পরিবারের উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও নৌ-বহর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজন দিনব্যাপী চলে বিকেল পর্যন্ত। পদ্মার বুকে ভাসমান নৌ-বহরে ছিল প্রাণবন্ত আড্ডা, গান, আনন্দ-উল্লাস ও ব্যতিক্রমধর্মী আয়োজন। দুপুরে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় পদ্মার বিখ্যাত টাটকা মাছসহ ১০-১২ পদের বৈচিত্র্যময় খাবার। এর মধ্যে ছিল ইলিশ, বোয়াল, চিংড়ি, পাবদা, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পদ্মার বুকে এই আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধনকে আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক মো. আবু বকর। এ সময় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, ‘এ ধরনের আয়োজন সাংবাদিকদের ব্যস্ত জীবনে মানসিক প্রশান্তি এনে দেয় এবং সহকর্মীদের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করে।’
তিনি আরও বলেন, ‘শিবচরের প্রান্তিক মানুষের জীবনযাপন কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, যা ভবিষ্যতে তাদের নিয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ‘গণমাধ্যম শুধু সংবাদ প্রচারের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এখন সময়ের দাবি।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, ‘এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করে এবং সংস্কৃতি ও দায়িত্ববোধ বিকাশে সহায়তা করে।’
সংগঠনটির মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, ‘দীর্ঘ সময় নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সাংবাদিকতা করতে হয়েছে। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, দৈনিক বর্তমান দিন পত্রিকার প্রধান সম্পাদক মো. মতিউর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বিএফইউজের সহ-সভাপতি একেএম মোহসিন, দৈনিক ঐশী বাংলার সম্পাদক মহিউদ্দিন খান ফারুকী, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক।
প্রমত্তা পদ্মার বুকে আয়োজিত এ নৌ-বহর ও ঈদ পুনর্মিলনী অংশগ্রহণকারীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সাংবাদিকদের পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

























