মাধবপুরে ৪৪ লাখ টাকার ভারতীয় জিরা ও ফুচকা জব্দ
- আপডেট সময় : ০৭:০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ৪৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা ও ফুচকা জব্দ করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। শনিবার ভোর ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক সেখানে পৌঁছালে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে বস্তার ভেতরে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের উদ্দেশ্যে আনা মালামাল জব্দ করা হয়।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহল দল বিকেল ৪টার দিকে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফুচকা জব্দ করে।
জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ৪৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

















