নবম পে স্কেলের দাবিতে চবিতে মানববন্ধন ও মিছিল
- আপডেট সময় : ০১:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্যমুক্ত ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের শিক্ষক, কর্মকতা, কর্মচারীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
নিরাপত্তা দপ্তরের প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহিমের সঞ্চালনায় এতে অংশগ্রহণ করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ড. মুমিনসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, ‘‘আমরা শিক্ষকরা এই মানববন্ধনের সাথে একমত। অতিশীঘ্রই ৯ম পে স্কেল বাস্তবায়ন করতে হবে।’’
ড. মুমিন বলেন, ‘‘সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোর দিকে তাকালে দেখা যায় আমরা দীর্ঘদিন যাবত তীব্রভাবে বঞ্চিত। অন্তর্বর্তী সরকারের অনেক ভালো কাজ আছে কিন্তু এই জায়গায় উনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সারা বিশ্বে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য স্বতন্ত্র পে স্কেল আছে কিন্তু আফসোস আমাদের জন্য তা নেই, এমনকি ২০১৫ সালের পর পে স্কেল বাড়ানো হয়নি। আপনারা ভালো করে জানেন, ১১ বছর আগের পে-স্কেল আজকের বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।’’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ বলেন, ‘‘কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে আমরা গতকাল দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছি। আজকে মানববন্ধন ও মিছিল করেছি। আগামীকাল আমরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১০টা থেকে এক ঘন্টা কর্মবিরতি পালন করবো।’’
ডেপুটি রেজিস্ট্রার শহীদুল হক বলেন, ‘‘২০০৯ সালের পে স্কেল বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ অতিদ্রুত এই পে স্কেল বাস্তবায়ন করুন।’’
ডেপুটি রেজিস্ট্রার আব্দুর সবুর, ‘‘আমরা অবিলম্বে জাতীয় নির্বাচনের নবম পে স্কেল বাস্তবায়ন চাই। আশা করি বর্তমান সরকার আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে কর্মস্থলে ফিরে যেতে সহযোগিতা করবে।’’

















