ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার।
- আপডেট সময় : ০৫:৫৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক সোয়া ১২টার দিকে শিমরাইলকান্দি এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে দুইটি দেশীয় ওয়ান শুটার গান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ এবং পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ককটেলগুলো র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল নিরাপদে নিষ্ক্রিয় করে বলে জানানো হয়। ফলে এলাকায় সম্ভাব্য নাশকতার আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, র্যাব কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও ককটেল সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামতের সূত্র ধরে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অস্ত্র ও বিস্ফোরক মজুতের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
























