কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি চুরি, গ্রেফতার-১
- আপডেট সময় : ০৭:৫১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরির সঙ্গে জড়িত একটি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে সালাউদ্দিন রবিন নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে অভিযোগের মূল অভিযুক্ত আক্তার হোসেন ও নাসির এখনো পলাতক থাকায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি স্বাভাবিক হলে চক্রটি আবারও মাটি কাটার কাজে জড়িয়ে পড়তে পারে।
স্থানীয়দের অভিযোগ, জাজিরা মৌজার বাক্তারচর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র গভীর রাতে দুই থেকে তিনশ ট্রাক মাটি কেটে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছিল তারা। অভিযোগে কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের নামও উঠে আসে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আক্তার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, মাটি কাটার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। গ্রেফতার হওয়া সালাউদ্দিন তার চাচাত ভাই এবং তিনি নিজস্ব জমি থেকেই মাটি কেটেছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ফসলি জমির মাটি কেটে রাতের আঁধারে বিক্রি করছিল একটি চক্র। এ ঘটনায় সালাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মাটি চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

















