মদনে স্কুল ছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০২:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন উপজেলায় স্কুলছাত্র শাওন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ (নাইডু), সহকারী শিক্ষক আসমা বেগম, মোঃ জাকারিয়া আল রাজিসহ শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, শাওন ছিল শান্ত ও ভদ্র স্বভাবের একজন ছাত্র। বিদ্যালয় বা এলাকার কোথাও তার বিরুদ্ধে কোনো অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল না। এমন একটি নির্মম হত্যাকাণ্ড পুরো শিক্ষা পরিবারকে নাড়িয়ে দিয়েছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার নিশ্চিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে না হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শাওনের হত্যার সঠিক বিচার না হলে সমাজে অপরাধ বাড়তেই থাকবে। দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় নবম শ্রেণির ছাত্র শাওন। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কদমশ্রী হাওরের একটি কৃষি জমি থেকে শাওনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আওলাদ হোসেন ভূইয়া ৩১ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে পুলিশ মদন পৌরসভার মিতালি রোডের বাসিন্দা এনামুল হকের ছেলে মাহফুজ (১৭) এবং চানগাঁও চকপাড়ার সাসতন মিয়ার ছেলে কায়েসকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তবে দ্রুত বিচার সম্পন্ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

















