বরিশালে জাল নোটের নীরব বিস্তার, কিশোর চক্র গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

বরিশাল নগরীতে নীরবে ছড়িয়ে পড়ছিল জাল টাকার ভয়ংকর নেটওয়ার্ক। খুচরা ব্যবসায়ী ও সাধারণ মানুষ বুঝে ওঠার আগেই একের পর এক প্রতারণার শিকার হচ্ছিলেন। শেষ পর্যন্ত সেই জাল নোটের রহস্য উদ্ঘাটন করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ চার কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. ফিরোজ জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর হাসপাতাল রোড এলাকার ঝাউতলা তৃতীয় গলির বাসিন্দা শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভি (১৮), ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)। পুলিশ জানায়, তারা সবাই শিক্ষার্থী।
ডিবি সূত্রে জানা গেছে, শহরের বগুড়া রোড এলাকার একটি চায়ের দোকানে ১০০ টাকার একটি নোট দিয়ে সিগারেট কিনতে যান শাওন ও আলিফ। নোটটি হাতে নিয়ে দোকানদারের সন্দেহ হলে তিনি স্থানীয়দের সহায়তা নেন। তল্লাশিতে ওই দুই কিশোরের কাছ থেকে আরও কয়েকটি সন্দেহজনক নোট উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি নিশ্চিত হয়ে গোয়েন্দা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাওন ও আলিফকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটিখানা কাজী মসজিদ সংলগ্ন একটি ভবনের নিচতলায় তানভীরের বাসায় অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ জাল ১০০ ও ৫০ টাকার নোট উদ্ধার করা হয়। একই সঙ্গে জাল নোট তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়।
পরবর্তীতে তানভীরের দেওয়া তথ্যানুযায়ী নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভিকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. ফিরোজ জানান, আটক কিশোরদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সংঘবদ্ধভাবে জাল টাকা তৈরি করে নগরীর বিভিন্ন দোকান ও বাজারে ছড়িয়ে দিত।
এ ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।




















