ইরানের সঙ্গে ব্যবসা করলে ২৫% শুল্ক আরোপ: ট্রাম্প
- আপডেট সময় : ০৯:১৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তেহরানের ওপর চাপ বাড়তেই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প জানিয়েছেন, এ শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্পের এ ঘোষণা ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির সরকারের ওপর আরও চাপ তৈরি করতে পারে।
তাৎক্ষণিকভাবে শুল্ক কার্যকরের তথ্য জানালেও ইরানের সঙ্গে ব্যবসা বলতে কি বোঝায় সেটি স্পষ্ট করেননি তিনি। চীন ইরানের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। এরপর যথাক্রমে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ভারত।
ইরানে বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিকভাবে হস্তক্ষেপ করা হবে বলে গত কয়েকদিন ধরেই হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। এরমধ্যে তিনি শুল্ক আরোপের ঘোষণা দিলেন।
শুল্ক আরোপের ব্যাপারে ট্রাম্প ট্রুথে লিখেছেন, ‘যে দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সব ব্যবসার ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত।’
মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ ট্রাম্পের এ নতুন ঘোষণা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। কোন দেশ এই শুল্কে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সেটিও স্পষ্ট করেনি তারা।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর তথ্য যাচাই করেছে।
তবে বিবিসিকে দেওয়া বিভিন্ন সূত্র বলছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এছাড়া হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য সংগ্রহ ও যাচাই করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিবিসিসহ অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরানের ভেতর থেকে প্রতিবেদন করতে পারছে না।
উল্লেখ্য, খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্যে বড় ধরনের পতনের কারণে ২৮ ডিসেম্বর তেহরানের দোকানদাররা রাস্তায় নেমে আসেন। এরপরই সেই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। সূত্র: বিবিসি























