স্মার্টফোন ব্যবহার করতে নিষেধ করায় অভিমানে কিশোরীর আত্মহত্যা
- আপডেট সময় : ০২:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে স্মার্টফোন ব্যবহার করতে নিষেধ করায় অভিমানে মহনা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জৈনাবাজার সংলগ্ন নগরহাওলা গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মহনা নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জ এলাকার বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে। পরিবারসহ সে শ্রীপুরে ভাড়া বাসায় বসবাস করত।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মোবাইল ফোন ব্যবহার নিয়ে বাবা-মায়ের সঙ্গে মহনার কথা কাটাকাটি হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে তার স্মার্টফোনটি কেড়ে নেওয়া হলে সে অভিমান করে। ধারণা করা হচ্ছে, ওই অভিমানের জেরেই রোববার সকালে সে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রেমঘটিত বিষয়ও তদন্তের আওতায় রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।























