সিলেটে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত ১০
- আপডেট সময় : ০৬:১৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগরে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শাজাহান মিয়া সৌরভ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ৪ নম্বর বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাজাহান মিয়া সৌরভ উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর তিলাপাড়ার বাসিন্দা বারিক উদ্দিন (৬৫) ও আব্দুল আজিজ (৫৫)-এর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় দুই বছর আগে উত্তর তিলাপাড়া জামে মসজিদের ভূমি নিয়ে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। এ ছাড়া দুই মাস আগে একটি জিপগাড়ি চলাচলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনা সৃষ্টি হয়। এসব ঘটনায় উভয় পক্ষ আদালতে পৃথক মামলা দায়ের করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন শাজাহান মিয়া সৌরভ সিলেট শহর থেকে বাড়িতে ফেরার পর প্রথম পক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে সৌরভের গলার শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত লাগে।
আহত সৌরভকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান। একই ঘটনায় শাকিল আহমদ নামে আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূঁইয়া জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

















