বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৬:২৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মঞ্জু বেপারী (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জু বেপারী পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঞ্জু বেপারী যাত্রী নামিয়ে রাতে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির কাছাকাছি মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা।
তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মঞ্জু বেপারীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, হাসপাতালে আনার আগেই মঞ্জু বেপারীর মৃত্যু হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

















