প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা
- আপডেট সময় : ০৮:৫৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে ‘রোহিঙ্গা’ হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে সদর আসনের এমপি সরাইল-আশুগঞ্জ এসে মাতব্বরি করতেন। এখন জোট থেকে আনা একজন রোহিঙ্গা প্রার্থী সদরের এমপি প্রার্থীকে সঙ্গে নিয়ে ঘোরেন। কিন্তু সরাইল-আশুগঞ্জের মানুষ এলাকার সন্তানকে দিয়েই জয়ী হবে।’
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিব। তিনি সদর উপজেলার অষ্টগ্রাম এলাকার স্থায়ী ঠিকানা দিয়েছেন এবং বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রাম উল্লেখ করেছেন।
উল্লেখ্য, জুনায়েদ আল হাবিব সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে একাধিক আয়োজনে যোগ দিয়েছিলেন।


























