জকসু নির্বাচন
৩৩ কেন্দ্রের ফল প্রকাশ, বড় ব্যবধানে জয়ের পথে শিবির
- আপডেট সময় : ১০:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ভোটগণনা শেষ হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা।
৩৩ কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ভিপি পদে শিবিরের মোঃ রিয়াজুল ইসলাম চার হাজার ৪৩২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকারের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ৭৭৭ ভোট।
এছাড়া জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন চার হাজার ৪৪৪ ভোট, অপরদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন এক হাজার ৭৫৭ ভোট। আর এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন তিন হাজার ৯৭৩ ভোট, অপরদিকে ছাত্রদলের প্যানেলের প্রার্থী তানজিল পেয়েছেন তিন হাজার ২৭৫ ভোট।
নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
জকসু নির্বাচন কমিশনের তথ্য বলছে, নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৬৫ জন। এতে মোট চারটি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন। সেগুলো হলো ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।
এ ছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে লড়ছেন ১২ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ জন আর এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে লড়ছেন ৮ জন।

















