চাঁদের হলফনামায় সম্পদ সাড়ে ৩২ লাখ, মামলা ৫৩টি
- আপডেট সময় : ০৩:১৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ তার হলফনামায় মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ৩২ লাখ ৫৫ হাজার টাকা। একই সঙ্গে তার বিরুদ্ধে ৫৩টি মামলার তথ্যও তুলে ধরা হয়েছে।
১১ পৃষ্ঠার হলফনামা অনুযায়ী, আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া ৫৩টি মামলার মধ্যে ৪৪টিতে তিনি খালাস পেয়েছেন। বর্তমানে ৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ২০২৩ সালে ডিজিটাল আইনে সারা দেশে তার নামে দায়ের হওয়া ২৪টি মামলায় রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে খালাস পান তিনি।
হলফনামায় দেওয়া তথ্যে দেখা যায়, কৃষি ও ব্যবসা খাত থেকে তার বাৎসরিক আয় ৬ লাখ ৩০ হাজার টাকা। নগদ অর্থ হিসেবে তার কাছে রয়েছে ৪ লাখ টাকা। বয়স ৬৮ বছর ১১ মাস ২৮ দিন। তিনি গত ২৯ ডিসেম্বর রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দেন।
আবু সাঈদ চাঁদ চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের মরহুম সাত্তার প্রামানিক ও আশরাফুন্নেছা দম্পতির ছেলে। তার স্ত্রী মরহুম আলো আক্তার। শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং পেশা হিসেবে তিনি কৃষি ও ব্যবসার সঙ্গে যুক্ত বলে হলফনামায় উল্লেখ করেছেন।

















