নির্বাচনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন শামা ওবায়েদ
- আপডেট সময় : ০৩:২০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ২৮ ডিসেম্বর জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। হলফনামা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গত ২০ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় শামা ওবায়েদ ইসলাম তার আয়-ব্যয়, স্থাবর ও অস্থাবর সম্পদ, ব্যাংক ঋণ, মামলা সংক্রান্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। সেখানে তিনি পেশা হিসেবে ব্যবসা ও চাকরির কথা উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, তার মোট বার্ষিক আয় দেখানো হয়েছে ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা। এর মধ্যে ফ্ল্যাট ভাড়া থেকে আয় ১২ লাখ ৬০ হাজার টাকা, চাকরি থেকে ৭ লাখ ৮৬ হাজার ৬৬৭ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের মুনাফা ৪৬ হাজার ৪০৪ টাকা এবং সম্মানী ভাতা ৯৬ হাজার টাকা। এছাড়া মোট বার্ষিক আয় হিসেবে আরেক স্থানে ৮৯ লাখ ২২ হাজার ৪১৮ টাকার তথ্যও উল্লেখ রয়েছে।
অস্থাবর সম্পদের ক্ষেত্রে তিনি অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৩ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য ৪ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা। এর মধ্যে রয়েছে নগদ অর্থ ২ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৮৯৪ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩০ লাখ ৩৩ হাজার ৯১২ টাকা, শেয়ার, বন্ড ও ঋণপত্রে বিনিয়োগ ৫০ লাখ টাকা এবং একটি জিপ গাড়ি, যার মূল্য ৩০ লাখ টাকা। এছাড়া তিনি ৫০ তোলা সোনার মালিকানার কথা উল্লেখ করলেও এর কোনো মূল্য নির্ধারণ করেননি।
স্থাবর সম্পদের বিবরণে শামা ওবায়েদ ইসলাম অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য উল্লেখ করেছেন ৯ কোটি টাকা। উত্তরাধিকার সূত্রে পাওয়া ৪৫০ শতাংশ জমির কোনো মূল্য তিনি উল্লেখ করেননি। এছাড়া ঢাকার বনানীতে ৩ হাজার ২৪৫ বর্গফুটের একটি ফ্ল্যাটের মূল্য দেখানো হয়েছে ৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা।
হলফনামায় তিনি মোট ১৮টি মামলার তথ্য উল্লেখ করেছেন। এর মধ্যে ১৭টি মামলা প্রত্যাহার, অব্যাহতি অথবা খালাসপ্রাপ্ত বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতার ঘরে শামা ওবায়েদ ইসলাম উল্লেখ করেছেন, তিনি ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রিধারী।

















