ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সারা দেশে যৌথবাহিনীর অভিযান শুরু
- আপডেট সময় : ০৩:১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যৌথবাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে এক সভায় তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার আশা প্রকাশ করে বলেন, ‘আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয়ে যাবে।’
তিনি বলেন, পরিপত্র জারির সঙ্গে সঙ্গে সারা দেশে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে। এ বিষয়ে ইতোমধ্যে সকল বাহিনীর প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টার বিষয়টি অবগত রয়েছে।
যৌথবাহিনীর অভিযানের লক্ষ্য সম্পর্কে কমিশনার সানাউল্লাহ বলেন, ‘এই অভিযানের মূল লক্ষ্য তিনটি। প্রথমত, অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচনকে কেন্দ্র করে যেসব অবৈধ অস্ত্রের সরবরাহ রয়েছে, সেগুলো উদ্ধার করা হবে। যেগুলো উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহার না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় লক্ষ্য হলো চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। আর তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করা। আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় ঘটলে যৌথবাহিনী তা দেখবে। ছোটখাটো ব্যত্যয়ের ক্ষেত্রে নিয়মিত দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো ব্যবস্থা নেবে।’
এসময় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন নির্বাচন কমিশনার।

















