মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে অভিযান
- আপডেট সময় : ১১:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে জেলা শহরের খালইস্ট ও দক্ষিণ কোর্টগাঁও লিচুতলা এলাকায় অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানের সময় বিক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন ছাড়াই বেশি দামে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রির অপরাধে শহরের খালইস্ট এলাকার মেসার্স হাজী আলী ট্রেডার্সের ম্যানেজার মোহাম্মদ রিফাত, আইআর স্যানিটারির ম্যানেজার মো. আব্দুর রহমান এবং দক্ষিণ কোর্টগাঁও লিচুতলার মা স্যানিটারির মালিক মো. লুৎফর রহমানকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, অভিযান দুপুর সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত চলে। সরকার নির্ধারিত দাম অনুযায়ী ১২ কেজি সিলিন্ডার বিক্রি করা উচিত ১,৩০৬ টাকায় এবং সাড়ে ১২ কেজির সিলিন্ডার ১,৩৬০ টাকায়। তবে অভিযানের সময় প্রতিষ্ঠানগুলো ১২ কেজির সিলিন্ডার ১,৭০০ টাকা এবং সাড়ে ১২ কেজির সিলিন্ডার ১,৮০০ টাকায় বিক্রি করছিল।

















