মানিকগঞ্জ-১ আসন
মনোনয়ন বৈধ ঘোষণায় সেজদায় লুটিয়ে পড়লেন বিএনপির বিদ্রোহী প্রার্থী
- আপডেট সময় : ০৫:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (ঘিওর-শিবালয় ও দৌলতপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মনোনয়ন বৈধ ঘোষণার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে প্রকাশ্যে সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল হক তোজা। এ সময় তিনি সেজদা দিয়ে শুকরিয়া আদায় করেন। ঘটনাটি ঘিরে সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
তোজাম্মেল হক তোজা বলেন, সব প্রতিকূলতা ও শঙ্কা কাটিয়ে মনোনয়ন বৈধ হওয়া আমার জন্য আল্লাহর বিশেষ রহমত। আমি জনগণের ভোট ও ভালোবাসার ওপর ভরসা রেখে নির্বাচনে অংশ নিতে চাই।
তিনি আরও বলেন, মানিকগঞ্জ-১ আসনের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি প্রার্থী হয়েছি।
যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জ-১ আসনে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও তোজাম্মেল হক তোজার মনোনয়ন বৈধ হওয়ায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে, এ আসনে দাখিল করা ৯টি মনোনয়নপত্রের মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে যাচাই-বাছাই শেষে অযোগ্য প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী ও জনতার দলের প্রার্থী মোহাম্মদ শাহজাহান খান।
অন্যদিকে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন বিএনপির এস এ জিন্নাহ কবীর, জামায়াতে ইসলামীর ডা. আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক তোজা, বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির দিলিপ কুমার দাস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খোরশেদ আলম, গণ অধিকার পরিষদের মো. ইলিয়াস হোসেন এবং খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহ।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।























