৬ জানুয়ারি জকসু নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের
- আপডেট সময় : ১০:৫০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই দাবিতে রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
আজ রোববার (৪ জানুয়ারি) বিকেল আড়াইটার দিকে ভিসি ভবনের সামনে জকসু নিশ্চিত করার দাবিতে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমর্থিত মাওলানা ভাসানী বিগ্রেড প্যানেলের জিএস পদপ্রার্থী ইভান ভাহসিভ বলেন, “যে নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তার স্থগিত ঘোষণা এখনও আমাদের উদ্বিগ্ন করছে। প্রশাসন বরাবরের মতো জকসু বা ছাত্র সংসদকে ভয় পায়। আমরা যখন একসাথে আন্দোলন করি, তখন প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আসতে হয়।”
ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসুর সুন্দর পরিবেশ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। আমাদের সঙ্গে বারবার প্রতারণার চেষ্টা করা হচ্ছে। আজ আমরা আন্দোলন দেখানোর পর প্রশাসন নিশ্চিত করেছে যে জকসু হবে।”
ছাত্রশক্তি সমর্থিত নির্ভীক জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী কিশোয়ার আনজুম সাম্য বলেন, “প্রশাসন যা বলছে, তা সব টালবাহানা। ৬ তারিখে জকসুর আগে সিন্ডিকেট সভা বসানো আমাদের মধ্যে সন্দেহের উদ্রেক করছে। নির্বাচন বানচাল করার কোনো চেষ্টা যেন না হয়।”
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ ইতিমধ্যে দুইবার পিছিয়ে ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।























