যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা
- আপডেট সময় : ০১:৩০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আলমগীর হোসেন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শংকরপুর ইসাহাক সড়ক এলাকার বাসিন্দা ও ইন্তাজ চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আলমগীর হোসেন পৌর কাউন্সিলরের কার্যালয়ের সামনে বসে ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে হত্যার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।























