মাগুরায় গণভোট ও জাতীয় নির্বাচন প্রচারণায় ‘ভোটের গাড়ি’ সুপার ক্যারাভান
- আপডেট সময় : ০৩:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মাগুরার শালিখায় বিশেষ প্রচারণা চালিয়েছে ‘ভোটের গাড়ি’ নামে পরিচিত বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শালিখা উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে অবস্থান করে ক্যারাভানটি প্রচারণা কার্যক্রম চালায়। এ সময় জাতীয় নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের মাঝে প্রচার করা হয়।
এই প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. নাসিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লাল্টু মিয়া, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় সাধারণ মানুষও এ প্রচারণায় অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই প্রচারণার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে উপজেলাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

















