বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের সদস্যসচিব মাহদী হাসানের কৃতজ্ঞতা প্রকাশ
- আপডেট সময় : ০৯:২৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

জামিনে মুক্তি পাওয়ার পর সর্বস্তরের ছাত্রজনতা, জুলাই যোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের সদস্যসচিব মাহদী হাসান।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে আদালত থেকে বের হয়ে প্রধান ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাহদী হাসান বলেন, পুরো দেশের জুলাই যোদ্ধা ও ছাত্রজনতা দলমত নির্বিশেষে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, তাতে আমার দায়বদ্ধতা আরও বেড়েছে। এই ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তবে ইনশাল্লাহ, জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও সবার প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান ২০০ টাকার মুচলেকায় মাহদী হাসানের জামিন মঞ্জুর করেন। সকাল সাড়ে সাতটার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
জামিনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েক শ নেতাকর্মী আদালত চত্বর থেকে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক পর্যন্ত মিছিল করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মাহদী হাসান গাড়িতে করে নিজ বাসার উদ্দেশে রওনা দেন।
পুলিশ ১৪৩ ধারায় দায়ের করা মামলায় মাহদী হাসানকে আদালতে সোপর্দ করেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টার দিকে শায়েস্তাগঞ্জ থানা-পুলিশ এনামুল হাসান নয়ন নামের এক তরুণকে আটক করে। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর গ্রামের আনোয়ার আলীর ছেলে। স্থানীয় ছাত্রলীগের কমিটিতে তিনি সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।
নয়নকে আটকের প্রতিবাদে শুক্রবার (২ জানুয়ারি) মাহদী হাসানের নেতৃত্বে থানার সামনে আন্দোলন শুরু হয়। বেলা ১২টার দিকে ছাত্র-জনতা থানা অবরোধ কর্মসূচি পালন করে। দুপুর আড়াইটার দিকে জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে বিকেল তিনটার দিকে নয়নকে মুক্তি দেওয়া হয়।
আন্দোলন চলাকালে থানার ওসির কক্ষে ঢুকে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশ মামলা দায়ের করে মাহদী হাসানকে গ্রেপ্তার করে।
















