ইসলামপুরে বসতবাড়িতে আগুন ও প্রাণনাশের হুমকির অভিযোগ
- আপডেট সময় : ০৮:৩৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধের বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোঃ আক্তার আলী (৬৮) জানান, ইসলামপুর থানাধীন টংগের আলগা এলাকায় পৈত্রিক বসতভিটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে একই বাড়ির বাসিন্দা মোঃইসলামপুরে বসতবাড়িতে আগুন ও প্রাণনাশের হুমকির অভিযোগ মমিন আলী, মোঃ ইব্রাহিম ও মোছাঃ জুলেখা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ৩ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ করে এবং মারধরের হুমকি দেয়। প্রাণভয়ে তিনি দৌড়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা আক্তার আলী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় এবং বসতবাড়িতে আগুন দেওয়ার ভয় দেখায়।
পরবর্তীতে রাতের খাবার শেষে আক্তার আলী পরিবারসহ ঘুমিয়ে পড়েন। ভোর আনুমানিক ৫টার দিকে প্রতিবেশীদের ডাক-চিৎকারে ঘুম ভেঙে উঠে তিনি দেখতে পান, তার বসতবাড়ির পূর্ব পাশের টিনের দোচালা ঘরে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আক্তার আলীর দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবেই অভিযুক্তরা তার বসতঘরে আগুন দিয়েছে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















